অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননার দায় নিতে হবে বলে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছে।
সুপ্রিম কোট বলেছে, এ ধরনের সংবাদ প্রকাশ করা হলে দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে।
সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করায় আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং বেঞ্চ প্রদান না করায় হাই কোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গিয়েছেন- এরূপ ভুল সংবাদ টিভি স্ক্রলসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তকর ও অত্যন্ত দুঃখজনক।”
